সেপ্টেম্বর ১, ২০২৬, ০৬:১০ পিএম
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। একই সঙ্গে পরীক্ষার ফরম পূরণের শুরুর তারিখও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে শিক্ষাবোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান প্রধানকে জানানো হচ্ছে যে আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করে ফলাফল প্রকাশ করতে হবে। এ ছাড়া আগামী ১৬ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও পূর্ণাঙ্গ নির্দেশনা যথাসময়ে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
করোনা মহামারির পর থেকে পরীক্ষার প্রচলিত সূচিতে কিছুটা পরিবর্তন আসলেও সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের এসএসসি পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতেই এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে সম্প্রতি সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনী পরীক্ষা শেষ করে ফরম পূরণের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকল মাধ্যমিক বিদ্যালয় প্রধানের কাছে ইতিমধ্যে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন