বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শিক্ষার অধিকার ফিরে চাই’ স্লোগানে জবিতে ছাত্রলীগের মিছিল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৬, ১১:৫০ পিএম

শিক্ষার অধিকার ফিরে চাই’ স্লোগানে জবিতে ছাত্রলীগের মিছিল

ছবি: সংগৃহীত

শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ক্যাম্পাসে সব মতের শিক্ষার্থীর সহাবস্থান নিশ্চিত ও সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগপ্রক্রিয়া বজায় রাখার দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন। শুক্রবার ভোরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সামনে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ভোরবেলা বের হয়। মিছিলে ব্যবহৃত বিভিন্ন পোস্টারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবি প্রদর্শিত হয়। এ সময় নেতাকর্মীরা ‘রাজনীতি যার যার, শিক্ষা সবার’ এবং ‘শিক্ষার অধিকার কেড়ে নেওয়া চলবে না’ স্লোগান দেন। মিছিলের নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ জানান, কোনো রাজনৈতিক ক্ষমতার মোহে নয়, বরং একজন স্বাধীন নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে তারা দাঁড়িয়েছেন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মবের সংস্কৃতি দূর করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সব মতের শিক্ষার্থীর জন্য পড়াশোনার অধিকার রক্ষা করা জরুরি। যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান যোগ করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে এবং সার্টিফিকেট পাওয়ার অধিকার কোনো রাজনৈতিক বিষয় হতে পারে না।