সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৫:৩৫ পিএম
কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস বা তাকমিল পরীক্ষার নিবন্ধনে শিক্ষার্থীদের বয়স পরিবর্তন ও সংশোধনের সুযোগ চিরতরে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ৬৯তম সাধারণ সভায় এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। নতুন নিয়ম কার্যকর হবে ১৪৪৯ হিজরি শিক্ষাবর্ষ থেকে।
সভায় গৃহীত নতুন নীতিমালা অনুযায়ী, কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যবর্তী স্তর সানাবিয়্যা কিংবা সানাবিয়্যা উলয়া পরীক্ষার নিবন্ধনে একজন শিক্ষার্থীর যে বয়স নথিভুক্ত থাকবে, দাওরায়ে হাদিসের নিবন্ধনেও ঠিক সেই একই বয়স বাধ্যতামূলকভাবে বহাল রাখতে হবে। চূড়ান্ত পরীক্ষার নিবন্ধনের সময় কোনো অবস্থাতেই পূর্বে দাখিলকৃত তথ্যে পরিবর্তন বা নতুন কোনো বয়স সংশোধনের আবেদন বিবেচনা করা হবে না। এমনকি দাওরায়ে হাদিস পরীক্ষা সমাপ্ত হওয়ার পরও সনদে উল্লিখিত বয়স আজীবনের জন্য অপরিবর্তিত থাকবে।
শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা সুসংহত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান জানান, এ সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশনা ইতিমধ্যে দেশের সব আঞ্চলিক কওমি শিক্ষা বোর্ড, দাওরায়ে হাদিস পরিচালনাকারী মাদ্রাসা এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবহিত করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন