বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

অনার্সে সর্বোচ্চ সিজিপিএ ডিনস অ্যাওয়ার্ড পেলেন মহিউদ্দিন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৭:৩৯ পিএম

অনার্সে সর্বোচ্চ সিজিপিএ ডিনস অ্যাওয়ার্ড পেলেন মহিউদ্দিন

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন বিভাগে অনার্সে সর্বোচ্চ ফলাফল অর্জনের স্বীকৃতি হিসেবে সম্মানজনক ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন মো. মহিউদ্দিন খান। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন।

সিনেট ভবনে এই সম্মাননা প্রদান করা হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২১, ২০২২ ও ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষকদের নির্বাচিত সেরা গ্রন্থ ও গবেষণা নিবন্ধের জন্য এই আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে নিজ বিভাগ থেকে স্নাতক পর্যায়ে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখায় মহিউদ্দিন খানকে প্রাতিষ্ঠানিক এই স্বীকৃতি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন খান অনার্সে মোট ৪ দশমিক ০০-এর মধ্যে ৩ দশমিক ৯৩ সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীকালে তিনি মাস্টার্সের প্রথম সেমিস্টারেও ৪ দশমিক ০০-এর মধ্যে পূর্ণ ৪ দশমিক ০০ সিজিপিএ লাভ করেন। তাঁর স্থায়ী নিবাস রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায়।