সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৫:২২ পিএম
সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে মর্যাদাপূর্ণ আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপ নিয়ে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন ৪২ জন বাংলাদেশি শিক্ষার্থী। পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের অধীনে এটিই আনুষ্ঠানিক প্রথম ব্যাচ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতের এক আন্তর্জাতিক ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হন। যাত্রার পূর্বে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সার্বিক সাফল্য কামনা করেন তিনি।
পাকিস্তান হাইকমিশনের তথ্যমতে, এই স্কলারশিপ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় শিক্ষার্থীদের পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে অধ্যয়নের সুযোগ প্রদান করা হয়েছে। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীদের যাবতীয় শিক্ষা ব্যয় ও আনুষঙ্গিক খরচ পাকিস্তান সরকার সম্পূর্ণভাবে বহন করবে।
এর আগে গত বছর একই উদ্যোগের আওতায় মোট ৭৪ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছিলেন। শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে হাইকমিশনার ইমরান হায়দার উল্লেখ করেন, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের এই সুযোগ কাজে লাগিয়ে তরুণ শিক্ষার্থীরা নিজ দেশের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একই সাথে এই ধরনের শিক্ষাবৃত্তি বাংলাদেশ ও পাকিস্তানের সাধারণ জনগণের মধ্যকার পারস্পরিক সম্পর্ক ও সাংস্কৃতিক সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন