সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:৫৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার এক বিরল ঘটনা ঘটেছে। এই প্রথমবার একই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এক দম্পতি বিজয়ী হয়েছেন। তারা হলেন ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' প্যানেলের রায়হান উদ্দিন এবং উম্মে সালমা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
এই বিজয়ী দম্পতি দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। রায়হান ২০১৮-১৯ সেশনের এবং উম্মে সালমা ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। নির্বাচনে উম্মে সালমা ৯ হাজার ৯২০ ভোট পেয়ে কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন। অন্যদিকে, তার স্বামী রায়হান উদ্দিন ৫ হাজার ৮২ ভোট পেয়ে কেন্দ্রীয় সদস্য পদে জয়লাভ করেছেন।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ৩৯ হাজার ৭৭৫ জন ভোটার ছিলেন, যাদের মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে।
দুজনের এই যৌথ বিজয় ডাকসুর ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে এবং ছাত্র রাজনীতির ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা হিসেবে বিবেচিত হবে। এটি প্রমাণ করে যে, পারিবারিক বন্ধন এবং আদর্শিক ঐক্যবদ্ধতা একসঙ্গে কাজ করলে সাফল্য অর্জন করা সম্ভব।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন