সেপ্টেম্বর ১২, ২০২৫, ১১:৫৮ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি নির্বাচনের পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। এই মৃত্যুর ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব অভিযোগ করেছেন যে, ওএমআর মেশিনে ভোট গণনা না করার সিদ্ধান্তের কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে শিক্ষিকার মরদেহ আনতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। আরিফ উল্লাহ আদিব বলেন, "ওএমআর মেশিনে ভোট গণনা না করে হাতে গণনা করার সিদ্ধান্ত ভুল ছিল। এই ভুলের কারণেই আমরা একজন শিক্ষিকাকে হারালাম।" তিনি আরও জানান যে, শুক্রবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে ওই শিক্ষিকার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে, শিক্ষিকার মৃত্যুর বিষয়ে আর্কিওলজি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসাইন জানান, সকালে দায়িত্ব পালনের জন্য জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে যান। কিন্তু কার্যালয়ে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারচুপির বিষয়ে আরিফ উল্লাহ আদিব বলেন, "জাকসু নির্বাচনে ভোট কারচুপির মতো কোনো ঘটনা ঘটেনি।" তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট দল রাজনৈতিকভাবে দোষারোপ করে নির্বাচন কমিশনকে প্রভাবিত করেছে যাতে ওএমআর মেশিনে গণনা বাতিল করা হয়। তিনি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন