রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আমির হামজার বক্তব্য মনগড়া সত্য নয়”: জাবি প্রশাসন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৫:৩৬ পিএম

আমির হামজার বক্তব্য মনগড়া  সত্য নয়”: জাবি প্রশাসন

ছবি - সংগৃহীত

কুষ্টিয়ার জামায়াতে ইসলামী নেতা মুফতি আমির হামজার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নিয়ে দেওয়া বক্তব্যকে 'মনগড়া' ও 'অসত্য' বলে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (২১ সেপ্টেম্বর, ২০২৫) জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হামজা দাবি করেন যে তিনি জাবির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং আবাসিক হলে সকালে শিক্ষার্থীদের 'মদ' দিয়ে কুলি করতে দেখেছেন। তিনি আরও বলেছিলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আমির হামজার কোনো বক্তব্যই সত্য নয়। জাবির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ ২০১১ সালে চালু হয় এবং ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম শিক্ষার্থী ভর্তি করা হয়। তাই আমির হামজার এই বিভাগে ভর্তি হওয়ার দাবিটি মিথ্যা।

এছাড়া, আবাসিক হলে শিক্ষার্থীদের 'মদ' দিয়ে কুলি করার বক্তব্যটিকেও প্রশাসন মনগড়া ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। শিক্ষকদের লাঠি দিয়ে পেটানোর অভিযোগকেও 'সত্যের অপলাপ' হিসেবে আখ্যায়িত করে জাবি প্রশাসন বলেছে যে, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক সবসময় প্রশংসনীয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমির হামজাকে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।