সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৪:২৫ পিএম
একটি নিয়োগ পরীক্ষায় নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার পর ভয়ে পরীক্ষার কক্ষ থেকে পালিয়েছেন এক পরীক্ষার্থী। বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে এই ঘটনা ঘটে।ওই পরীক্ষার্থীর নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, যিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে নিম্নমান সহকারী হিসেবে কর্মরত।
তিনি ওশানোগ্রাফি বিভাগের সেকশন অফিসার পদের নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।পরীক্ষা শুরু হওয়ার প্রায় ৩০ মিনিট পর হল পরিদর্শক ডেপুটি রেজিস্ট্রার আইরিন পারভিন ও সহকারী রেজিস্ট্রার মইনুল হোসেন রফিকুলকে মোবাইল ফোন ব্যবহার করে উত্তর লিখতে দেখেন।
হাতেনাতে ধরা পড়ার পর রফিকুল তার মোবাইল ফোন, পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র রেখে কক্ষ থেকে দৌড়ে পালিয়ে যান।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, "নিয়োগ পরীক্ষায় নকল করতে গিয়ে আমাদের এক কর্মচারী ধরা পড়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন