রকিবুল হাসান মুন্না
অক্টোবর ১, ২০২৫, ১১:১৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী ৭ থেকে ৯ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, চলমান ছুটি বা বন্ধের মধ্যে ৯ অক্টোবর পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া যাবে না। এই কারণেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।
আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
তবে, পূর্বঘোষণা অনুযায়ী ৭ অক্টোবর থেকেই বিশ্ববিদ্যালয়ে যথারীতি অফিস ও শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। সভায় আরও জানানো হয়, প্রতিটি বিভাগ তাদের নিজস্ব উদ্যোগে স্থগিত পরীক্ষার পরিবর্তিত রুটিন ঘোষণা করবে এবং শিক্ষার্থীদের সেই রুটিন অনুসরণ করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের তাদের নিজ নিজ বিভাগের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে।