রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহারে কী কী থাকছে?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ১০:৫৩ পিএম

চাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহারে কী কী থাকছে?

ছবি - সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছরের অচলায়তন ভেঙে আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে পুরোদমে প্রচারণায় নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পেলেও, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার ‘নতুন প্রত্যয়ে’ চাকসু জয়ের ব্যাপারে আশাবাদী সংগঠনটি। শিক্ষার্থীদের মন জয় করতে ইতোমধ্যে তারা ৮ দফার এক বিস্তারিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।

ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন বলেন, “আমরা শিক্ষার্থীদের বাস্তব চাহিদা বুঝেই ইশতেহার তৈরি করেছি। নির্বাচিত হলে এক বছরের মধ্যেই আমরা এর সর্বোচ্চ বাস্তবায়নের চেষ্টা করব। ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম, আর সেই প্রশ্নে আমরা সবসময় আপসহীন।”

তাদের ঘোষিত ইশতেহারে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য মানসম্মত আবাসন ও সুলভ মূল্যে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধি, পরিবহন সংকট নিরসন এবং ক্যারিয়ার উন্নয়নে সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ইশতেহারের উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগার রাত ১০টা পর্যন্ত খোলা রাখা, শিক্ষার্থীদের জন্য অনলাইন পোর্টাল চালু, শাটল ট্রেনের বগি বৃদ্ধি ও ট্র্যাকিং অ্যাপ চালু, নারী শিক্ষার্থীদের জন্য হেল্পলাইন ও সাইবার বুলিং প্রতিরোধ সেল গঠন এবং মেডিকেল সেন্টারকে ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করা।

জিএস প্রার্থী শাখাওয়াত হোসেন বলেন, “আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্যই রাজনীতি করি। শিক্ষার্থীরা এখন সচেতন এবং আমরা বিশ্বাস করি, তারা যোগ্য প্রার্থীদেরই ভোট দেবে।”প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ক্যাম্পাসের প্রতিটি বিভাগে, হলে এবং শিক্ষার্থীদের আড্ডার স্থানগুলোতে গিয়ে তাদের ইশতেহার তুলে ধরছেন এবং সমর্থন চাইছেন।