অক্টোবর ১৩, ২০২৫, ০২:৪২ পিএম
সরকারি প্রতিশ্রুতির এক মাস পেরিয়ে গেলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় আবারও রাজপথে নেমেছেন দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট’-এর ব্যানারে সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা লাগাতার অবস্থান ধর্মঘট শুরু করেছেন।
আন্দোলনরত শিক্ষকরা বলছেন, গত ১৪ সেপ্টেম্বর তাদের পূর্ববর্তী আন্দোলন চলাকালে সরকারের আমন্ত্রণে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিবের সঙ্গে তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে এক মাসের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়নের সুস্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
শিক্ষকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—সকল স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে অবিলম্বে জাতীয়করণ করা, যাচাই-বাছাই সম্পন্ন হওয়া ১০৮৯টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির অনুমোদন দেওয়া, প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক স্তর চালু করা এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জন্য একটি পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠা করা।
‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট’-এর চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। আমরা আর কোনো ফাঁকা প্রতিশ্রুতি চাই না, এবার প্রজ্ঞাপন নিয়েই ঘরে ফিরতে চাই।”সারা দেশ থেকে আসা কয়েকশ শিক্ষকের এই কর্মসূচির কারণে প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন