রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

উৎসবমুখর পরিবেশে চলছে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ১২:১৯ পিএম

উৎসবমুখর পরিবেশে চলছে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

ছবি - সংগৃহীত

দীর্ঘ তিন যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ফিরেছে ভোটের উৎসব। কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে, যা চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। ৩৬ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ এবং ভোট দিতে পেরে শিক্ষার্থীরা প্রকাশ করছেন তাদের উচ্ছ্বাস।

সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবনে স্থাপিত ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। শিক্ষার্থীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।সমাজবিজ্ঞান অনুষদ ভোটকেন্দ্রে কথা হয় (হিসাববিজ্ঞান) বিভাগের শিক্ষার্থী পাপিয়া সুলতানার সঙ্গে। তিনি বলেন, “দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পেরে এবং ভোট দিতে এসে খুবই ভালো লাগছে।

চারপাশে খুব উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি। আশা করছি, শেষ পর্যন্ত এই সুন্দর পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।”গণিত বিভাগের আরেক শিক্ষার্থী জয়নাব সাদিয়া বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের এমন উচ্ছ্বাস আগে কখনো দেখিনি। জীবনের প্রথম এমন একটি ঐতিহাসিক নির্বাচনে ভোট দিতে আসতে পেরে খুবই আনন্দ হচ্ছে।”

ক্যাম্পাস জুড়ে প্রার্থী ও তাদের সমর্থকরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত থাকলেও পুরো প্রক্রিয়াটি এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।