রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ১২:৪৯ পিএম

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

ছবি - সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগের জন্য জারি করা বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারকে (সি. আর. আবরার) আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা না হলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মাউশি অধিদপ্তরের সাবেক পরিচালক (অবসরোত্তর ছুটিতে থাকা) অধ্যাপক মো. আবেদ নোমানীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কায়সারউজ্জামান এই নোটিশটি পাঠান।নোটিশে শিক্ষা উপদেষ্টা ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং জনপ্রশাসন সচিবকে বিবাদী করা হয়েছে।

আইনি নোটিশে বলা হয়েছে, মাউশি অধিদপ্তরের মহাপরিচালক পদটি সরকারের একটি গ্রেড-১ পদ, যা নিয়ম অনুযায়ী পদোন্নতির মাধ্যমে পূরণযোগ্য, সরাসরি আবেদনের মাধ্যমে নয়। গত ৬ অক্টোবর জারি করা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রচলিত নিয়োগ বিধিমালার পরিপন্থী ও আইনসম্মত নয় বলে নোটিশে উল্লেখ করা হয়।

এর আগে, গত ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে মাউশির মহাপরিচালক পদে কাজ করতে আগ্রহী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম ব্যাচ এবং তার চেয়ে সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছিল। এই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করেই আইনি নোটিশটি পাঠানো হলো।