অক্টোবর ১৭, ২০২৫, ১২:২১ এএম
দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। হলভিত্তিক ফলাফল ঘোষণার ধারাবাহিকতায় এবার বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে সহ-সভাপতি (ভিপি) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই ফল ঘোষণা করা হয়।ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৭৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ২১১ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে এই হলে ৬৬১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বামজোট সমর্থিত ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার।সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৩৪৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী এস এম সালমান সাব্বির।
বিভিন্ন হলের ফলাফল আসতে শুরু করায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাস ক্রমশ বাড়ছে। চূড়ান্ত ও পূর্ণাঙ্গ ফলাফল পেতে ভোর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন