রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাকসু:খালেদা জিয়া হলের ফল ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৫, ০১:২৩ এএম

রাকসু:খালেদা জিয়া হলের ফল ঘোষণা

ছবি - সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। হলের ফলাফল ঘোষণার ধারাবাহিকতায় এবার বেগম খালেদা জিয়া হলের ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় সংসদের প্রধান তিনটি পদে মিশ্র ফলাফল দেখা গেছে। এই হলে সহ-সভাপতি (ভিপি) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেল জয়ী হলেও, সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছে বামজোট সমর্থিত প্যানেল।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই ফল ঘোষণা করা হয়।ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৪৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ১৩৭ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩৫২ ভোট পেয়ে এই হলে জয়ী হয়েছেন বামজোট সমর্থিত ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, শিবির সমর্থিত প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ২৯৫ ভোট।সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সালমান সাব্বির।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১৭১ ভোট।বিভিন্ন হলের ফলাফল আসতে শুরু করায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাস ক্রমশ বাড়ছে।