অক্টোবর ১৭, ২০২৫, ১০:৩৯ পিএম
আসন্ন জাতীয় নির্বাচনের আগেই ‘তিস্তা মহাপরিকল্পনা’র বাস্তবায়ন শুরু এবং ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এই মশাল মিছিল শুরু হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রায় সাহেব বাজার হয়ে ভিক্টোরিয়া পার্কের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’, ‘তিস্তা পাড়ের কান্না, আর না আর না’, এবং ‘ভারতীয় আগ্রাসন, রুখে দেবে জনগণ’—ইত্যাদি স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।
সমাবেশে রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সোহাগ আহমেদ আবেগঘন বক্তব্যে বলেন, “আমরা উত্তরবঙ্গের মানুষ মঙ্গা হয়ে জন্ম নিইনি, আমাদের মঙ্গা করে রাখা হয়েছে। আমি সেই সন্তান, যার বাবার জমি ছয় মাস পানির নিচে ডুবে থাকে। আমরা চাই, নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক।”
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার বলেন, “আমি নিজেও তিস্তা পাড়ের সন্তান। সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা ভারতীয় আগ্রাসন রুখে দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব।”বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা ছাত্রকল্যাণ পরিষদ এবং ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা একাত্মতা পোষণ করে অংশ নেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন