অক্টোবর ২১, ২০২৫, ০২:৪০ পিএম
টানা দশ দিনের লাগাতার আন্দোলন ও আমরণ অনশনের পর অবশেষে দাবি পূরণ হওয়ায় ক্লাসে ফিরছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের এক সফল বৈঠকে সরকার শিক্ষকদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ বাড়াতে সম্মত হয়েছে।বৈঠকের পর শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার সাংবাদিকদের বলেন, “এমপিওভুক্ত শিক্ষকদের দাবি যৌক্তিক ছিলো।
আমরা মনে করি, শিক্ষক সমাজের আরও বেশি পাওয়া দরকার। কিন্তু সরকারের বিদ্যমান আর্থিক অবস্থা ও সীমাবদ্ধতা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটার জন্য আমাদের দিক থেকে আমরা যথেষ্ট চেষ্টা করেছি।”তিনি আরও বলেন, “আশা করছি, শিক্ষকরা এখন সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রেণিকক্ষে ফিরে যাবেন এবং এতে শিক্ষার মান বাড়বে।”সরকারের এই আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে, একটি সুন্দর সমাধান হয়েছে। আমরা আগামীকাল (বুধবার) থেকে ক্লাসে ফিরে যাব।”তিনি জানান, ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতার মধ্যে চলতি অর্থবছরে সাড়ে ৭ শতাংশ এবং আগামী অর্থবছর থেকে বাকি সাড়ে ৭ শতাংশ কার্যকর হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে গত ১০ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছিলেন শিক্ষকরা, যার ফলে সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ ছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন