অক্টোবর ২১, ২০২৫, ০৭:১৯ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মীর মুগ্ধের স্মরণে ক্যাম্পাসে ‘ওয়াটার কর্নার’ স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে একটি সুপেয় পানির ফিল্টার উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ওয়াটার কর্নারের উদ্বোধন করেন ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী।এ সময় আরও উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও সদ্য সমাপ্ত চাকসু নির্বাচনে জিএস প্রার্থী সাঈদ বিন হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনটি জানিয়েছে, শিক্ষার্থীদের সুপেয় পানির চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয়ের দুটি গুরুত্বপূর্ণ স্থান—শহিদ মিনার চত্বর এবং জিরো পয়েন্টে—এই দুটি ওয়াটার কর্নার স্থাপন করা হয়েছে। চাকসু নির্বাচনের আচরণবিধির কারণে এই উদ্যোগটি বাস্তবায়নে বিলম্ব হয়েছিল বলে তারা জানান।শাখা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, “আমাদের এই ছোট উদ্যোগের ফলে শিক্ষার্থীদের সুপেয় পানির অভাব কিছুটা হলেও পূরণ হবে।
এসব কাজ মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের, কিন্তু আমরা বারবার দাবি জানালেও তারা অনীহা ও দীর্ঘসূত্রতার কারণে এটি করতে পারেনি।”ছাত্রশিবিরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, “এটি একটি চমৎকার উদ্যোগ। কাটাপাহাড় দিয়ে এদিকে আসলে আমরা অনেক তৃষ্ণার্ত হয়ে পড়ি। এখন এর মাধ্যমে পানির তৃষ্ণা মেটাতে পারব।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন