রকিবুল হাসান মুন্না
অক্টোবর ২৬, ২০২৫, ০৬:১৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাংবাদিক সমিতির (বেরোবিসাস) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী গঠনমূলক ক্যাম্পাস সাংবাদিকতায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।আজ রবিবার (২৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় 'ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্ব' শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন, "বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান, যুক্তি ও মুক্ত চিন্তার কেন্দ্র। সাংবাদিকতার কাজ হবে গঠনমূলক সমালোচনা, তথ্যনির্ভর বিশ্লেষণ এবং ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া।" তিনি বলেন, সাংবাদিকদের সর্বদা সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত।
তিনি আরও জানান, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর বেরোবিসাসের কার্যক্রমকে আরও গতিশীল করতে সংগঠনটির জন্য একটি নিজস্ব অফিস রুম বরাদ্দ দেওয়া হয়েছে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেরোবিসাসের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নেতৃত্বে সকালে এক আনন্দ র্যালি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয় এবং সংগঠনের সদস্যদের বর্ষসেরা ফিচার ও অনুসন্ধানী রিপোর্টসহ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।