নভেম্বর ২, ২০২৫, ০২:৩৯ পিএম
জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা' অভিমুখে লংমার্চের ডাক দিয়েছেন। টানা ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের পর রোববার (০২ নভেম্বর) দুপুর ২টায় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এই নতুন ও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে শিক্ষক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয়করণের দাবি অগ্রাহ্য করে সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ি শিক্ষকদের অবহেলা করছে। তারা আজকের (রোববার) মধ্যেই জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা দিয়ে তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে ধাপে ধাপে জাতীয়করণের সরকারি ঘোষণা ৯ মাস আগে দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতা ও এক ধরনের প্রতিহিংসার কারণে তাদের এই যৌক্তিক আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে। বিভিন্ন অজুহাতে চাকরির জাতীয়করণের কাজটিকে স্থগিত রাখা হয়েছে বলে তারা অভিযোগ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন