নভেম্বর ৬, ২০২৫, ০৪:৩৩ পিএম
দেশের ছয়টি বিভাগের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া আগামী ৮ নভেম্বর থেকে শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রথম ধাপে মোট ১০ হাজার ২১৯টি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ২০টি শর্ত যুক্ত করা হয়েছে।
এর মধ্যে ১০ নম্বর শর্তে বিবাহিত নারী প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি নিয়ম দেওয়া হয়েছে। শর্তানুযায়ী, বিবাহিত নারী প্রার্থীরা তাদের স্বামী অথবা বাবার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন।তবে, এই দুটি স্থায়ী ঠিকানার মধ্যে প্রার্থী যেটি আবেদনে উল্লেখ করবেন, তার প্রার্থিতা সেই নির্দিষ্ট উপজেলা/শিক্ষা থানার শূন্য পদের জন্য বিবেচিত হবে। অর্থাৎ, তিনি আবেদন ফরমে যে ঠিকানা ব্যবহার করবেন, সেই এলাকার কোটাতেই তার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াটি হবে উপজেলা/শিক্ষা থানাভিত্তিক। প্রার্থী যে উপজেলা/শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা, তিনি কেবল সেই উপজেলা/শিক্ষা থানার শূন্য পদের জন্যই নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদনপত্রে নিজ জেলা, থানা/উপজেলা উল্লেখ করতে ভুল করলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।প্রথম ধাপে যে ছয়টি বিভাগে নিয়োগ দেওয়া হচ্ছে, সেগুলো হলো— রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। এই নিয়োগ প্রক্রিয়া শেষ হলে পরবর্তী ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ আগস্ট রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করে এবং পরবর্তীতে ২ নভেম্বর সংশোধিত বিধিমালা প্রকাশ করে। সংশোধিত বিধিমালায় নতুন সৃষ্ট সংগীত ও শরীরচর্চা শিক্ষকের পদ বাতিল করা হয়েছে এবং কিছু শব্দগত পরিবর্তন আনা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন