সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খুলনায় বিদায়ী শিক্ষার্থীদের ‘আল ই’তিসাম-২১’ শিক্ষা সমাপনী অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৫, ০৫:১৪ পিএম

খুলনায় বিদায়ী শিক্ষার্থীদের ‘আল ই’তিসাম-২১’ শিক্ষা সমাপনী অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে বিদায়ী ২১ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ‘আল ই’তিসাম-২১’ শীর্ষক দিনব্যাপী শিক্ষা সমাপনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে সকালে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা এবং সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সকালের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

তিনি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের আলোকে আয়োজিত এই অনুষ্ঠানের প্রশংসা করেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শিক্ষাজীবনের সমাপ্তি মানেই নতুন জীবনের সূচনা। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে নৈতিকতার পথে নিজেদের ভবিষ্যৎ গড়ার এটাই সময়।”উপাচার্য শিক্ষার্থীদের পরিশ্রম, সততা এবং মানবিকতার মূল্যবোধ ধারণ করে সফলতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি মন্তব্য করেন, ধর্মীয় অনুশাসনের আলোকে জীবন গড়ে তুলতে পারলে জীবনের প্রতিটি কাজই সুন্দর ও সফল হয়।

বিশেষ অতিথি হিসেবে উপউপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, কোরআন হলো বাস্তব জীবনের দিকনির্দেশনা। কোরআনের আলোকে জীবন গড়তে পারলে সামনে কোনো বাধাই থাকবে না। তিনি শিক্ষার্থীদের ধর্মীয় অনুশাসনের মধ্যে থেকে নিজেদের জীবনকে আলোকিত করার প্রত্যাশা করেন।

আলোচনা অনুষ্ঠানে কি-নোট বক্তা হিসেবে ফার্মেসি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. সাইফুজ্জামান এবং বিশেষ আলোচক হিসেবে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. তানভীর হোসাইন বক্তব্য রাখেন। আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২১ ব্যাচের শিক্ষার্থী তালহা মাহমুদ।

পরে সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এই পর্বের অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর শরিফ মোহাম্মদ খান। সন্ধ্যায় ধর্মীয় আলোচনায় অংশ নেন শায়েখ প্রফেসর মোখতার আহমেদ, শায়েখ ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আজহারী এবং কবি মুহিব খান।