রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিকিনি বিতর্ক: ‘জিততে হলে আমাকে পরতে হবে’, ব্যাখ্যা দিলেন মিথিলা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ১২:৫৪ পিএম

বিকিনি বিতর্ক: ‘জিততে হলে আমাকে পরতে হবে’, ব্যাখ্যা দিলেন মিথিলা

বিশ্বের সবচেয়ে জমজমাট ও মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা বিতর্ক নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। সম্প্রতি এই প্রতিযোগিতার কঠিন বাস্তবতা তুলে ধরে থাইল্যান্ড থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি।

গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর গত অক্টোবরের শেষ দিকে তিনি প্রতিযোগিতার মূল মঞ্চ থাইল্যান্ডে উড়ে গিয়েছেন।

ভিডিওতে চলমান বিকিনি বিতর্ক নিয়ে সরাসরি কথা বলেন মিথিলা। তিনি বলেন, “আর আমি কতবার বলব, আমি যদি বিকিনি না পরি, তাহলে আমি টপ থার্টিতেই যেতে পারব না। তো আপনারা তো চান যে আমি জিতি।

তো জিততে হলে আমাকে তাহলে তো বিকিনি পরতে হবে। এখানে আসলে রিলিজিয়নের কিছু নাই। এখানে আমাকে জিততে হলে, বাংলাদেশকে যদি জেতাতে হয়, তাহলে আমাকে পরতে হবে।”নিজ দেশের মানুষের কাছ থেকে সমর্থন না পেয়ে তীব্র কষ্ট পেয়েছেন জানিয়ে মিথিলা বলেন, “আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে আমার কিছু আসে যায় না,|

 কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখতেছে আমি কী কষ্ট করতেছি। একটা এত বড় দেশ, এত বড় দেশ থেকে যদি একজন ভালো কন্টেস্ট্যান্ট এসে এত কষ্ট, এত ডিসিপ্লিন, টাইমলি সবকিছু করা, এত এফোর্ট, এত এত কিছু শিখে, এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পায়, তাহলে তো এটা খুবই কষ্টের।”

তিনি প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, “এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা। এতগুলো মানুষের সঙ্গে কম্পিটিশন এবং সবাই ভালো। এখানে কেউ খারাপ না, সবাই ভালো। তো এদের সঙ্গে কম্পিট করতে হলে আমাকে কিন্তু অনেক ভালো করতে হবে, আমার দেশের মানুষকেও অনেক আগায় আসতে হবে।” মিথিলা চান, দেশের মানুষ যেন তার এই কষ্টের বিনিময়ে সমর্থন দিয়ে তার পাশে থাকেন।