ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:৩৫ পিএম
বলিউডের বক্স অফিসে বড় ধরনের সংঘাত এড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে যশরাজ ফিল্মস। ২০২৪ সালে ঘোষণা করা হয়েছিল যে আলিয়া ভাট অভিনীত যশরাজ স্পাই ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক সিনেমা ‘আলফা’ ২০২৬ সালের ১৭ এপ্রিল মুক্তি পাবে।
কিন্তু ঠিক একই দিনে সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্যাটেল অব গালওয়ান’ মুক্তির তারিখ চূড়ান্ত হওয়ায় তড়িঘড়ি করে নিজেদের সিনেমার শিডিউল বদলে ফেলল আলিয়া ভাটের টিম।
মূলত সালমান খানের রাজকীয় প্রত্যাবর্তনের মুখে নিজেদের সিনেমার ব্যবসায়িক ঝুঁকি নিতে চাইছে না আদিত্য চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠান।
শনিবার সালমান খানের জন্মদিন উপলক্ষে ‘রিটার্ন বার্থডে গিফট’ হিসেবে তাঁর নতুন সিনেমা ‘ব্যাটেল অব গালওয়ানে’র প্রথম ঝলক বা টিজার প্রকাশ করা হয়েছে। গালওয়ান ভ্যালিতে ভারত-চীন সংঘাতের সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই ছবিতে সালমান খানকে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা গেছে। টিজারে সালমানের লড়াকু মেজাজ এবং দেশপ্রেমের আবহ দেখে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। সিনে-বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন যে সালমানের এই সিনেমার বিশাল হাইপের কারণে ‘আলফা’র নির্মাতারা বক্স অফিস যুদ্ধ এড়াতে মুক্তির দিনক্ষণ পিছিয়ে দিয়েছেন।
যদিও ‘আলফা’র নতুন মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল কম নয়। এই সিনেমায় আলিয়ার পাশাপাশি অভিনয় করেছেন শর্বরী ও অনিল কাপুর। এছাড়া ‘অ্যানিম্যাল’ সিনেমার পর আবারও খলচরিত্রে দেখা যাবে ববি দেওলকে। অন্যদিকে অপূর্ব লাখিয়ার পরিচালনায় ‘ব্যাটেল অব গালওয়ান’ সিনেমাটি ২০২৬ সালের ১৭ এপ্রিল এককভাবে মুক্তি পেয়ে বড় পর্দা কাঁপাবে বলে ধারণা করা হচ্ছে। আলিয়া ভাটকে স্পাই হিসেবে দেখার জন্য ভক্তদের এখন আরও কিছুদিন দীর্ঘ প্রতীক্ষায় থাকতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন