রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রয়াত রাহুলের বাড়িতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ০৩:১০ পিএম

প্রয়াত রাহুলের বাড়িতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

স্বাস্থ্যমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

টালিউডের অত্যন্ত মেধাবী ও জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ ওপার বাংলার বিনোদন জগত। প্রিয় সহকর্মীকে শেষ বিদায় জানাতে এবং শোকাতুর পরিবারের পাশে দাঁড়াতে সোমবার বিজয়গড়ে রাহুলের বাসভবনে হাজির হন টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

প্রিয় অভিনেতার আকস্মিক প্রস্থান টালিপাড়ায় যে গভীর শূন্যতা তৈরি করেছে, আজ বিজয়গড়ের বিষণ্ণ পরিবেশে তা স্পষ্ট ফুটে ওঠে।বিজয়গড়ের বাড়িতে গিয়ে প্রয়াত রাহুলের মা এবং পুত্র সহজের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

শোকে পাথর হয়ে যাওয়া পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি গভীর সমবেদনা জানান তিনি। দীর্ঘ সময় সেখানে অবস্থানের পর শোকে বিহ্বল প্রসেনজিৎ সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলে কেবল হাত জোড় করে গাড়িতে উঠে যান। 

তাঁর এই নীরব প্রস্থানই বলে দিচ্ছিল অনুজ প্রতিম অভিনেতার মৃত্যু তাঁকে কতটা ব্যথিত করেছে।উল্লেখ্য, রাহুল ও প্রসেনজিৎ একাধিক দর্শকনন্দিত সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। এর মধ্যে ‘ক্ষত’, ‘জুলফিকার’ ও ‘জাতিস্মর’ সিনেমাগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। সিনিয়র হিসেবে প্রসেনজিৎকে সবসময় অগাধ সম্মান করতেন রাহুল। 

অন্যদিকে প্রসেনজিৎও তাঁকে স্নেহের ছায়ায় আগলে রাখতেন। সম্প্রতি রাহুলের উপস্থাপনায় ‘সহজ কথা’ নামের একটি টক-শোতেও অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রসেনজিৎ। প্রিয় রাহুলের এমন বিদায় বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।