রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাহুলের ময়নাতদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বিনোদন ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ০৩:২৮ পিএম

রাহুলের ময়নাতদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

অভিনেতা রাহুলের মৃত্যুর রহস্য

টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে দুই বাংলার বিনোদন জগতে। পানিতে ডুবে তার মৃত্যুর পর সোমবার সকালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে এসেছে অত্যন্ত চাঞ্চল্যকর ও মর্মান্তিক সব তথ্য। চিকিৎসকদের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় পানির নিচে থাকায় অভিনেতার ফুসফুস ফুলে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ আকার ধারণ করেছে। 

ময়নাতদন্তের সময় তার ফুসফুসের ভেতর থেকে প্রচুর পরিমাণে বালি এবং নোনা পানি পাওয়া গেছে।গত রোববার তমলুকে ‘ভোলে বাবা পার করেগা’ নামক একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

দৃশ্য ধারণের প্রয়োজনে রাহুল পানিতে নামলেও আর তীরে ফিরতে পারেননি, মুহূর্তেই তলিয়ে যান তিনি। সোমবার বেলা সাড়ে ১১টায় তমলুক হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত শুরু হয়। ফরেনসিক বিশেষজ্ঞদের মতে, রাহুলের ফুসফুসের ভেতরে যে পরিমাণ বালু ও পলি জমেছে, তা কেবল অল্প সময় পানির নিচে থাকলে ঘটা সম্ভব নয়। 

তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, মৃত্যুর পর তার মরদেহ প্রায় এক ঘণ্টারও বেশি সময় পানির নিচে মাটির কাছাকাছি অবস্থানে তলিয়ে ছিল। দীর্ঘ সময় ডুবে থাকার ফলে তার খাদ্যনালিতেও বালি ও নোনা জল প্রবেশ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এদিকে অভিনেতার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। স্থানীয় পুলিশের দাবি, প্রশাসনের কোনো প্রকার পূর্ব অনুমতি ছাড়াই ওই এলাকায় শুটিংয়ের কাজ চলছিল। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এমন ঝুঁকিপূর্ণ জায়গায় শুটিং করায় আয়োজকদের দায়িত্ববোধ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। পুলিশের এই কঠোর অবস্থানের কারণে পুরো ঘটনায় এখন নতুন মোড় নিয়েছে।১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ক্যারিয়ার ছিল বেশ বৈচিত্র্যময়। বাবার হাত ধরে ‘রাজ দর্শন’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে তার পদার্পণ ঘটেছিল। 

বিজয়গড় থিয়েটার দলের হয়ে কাজ শুরু করা এই অভিনেতা তার দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। ছোটপর্দা ও বড়পর্দায় সমান পদচারণা থাকা এই মেধাবী শিল্পীর এমন করুণ মৃত্যুতে টলিউডসহ সাধারণ অনুরাগীদের মধ্যে গভীর শোক ও শূন্যতা তৈরি হয়েছে। পুলিশ এখন খতিয়ে দেখছে শুটিং স্পটে নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না।