এপ্রিল ২১, ২০২৬, ১২:২০ এএম
অস্ট্রিয়ার বরফঢাকা পাহাড়ে স্বামী রণবীর কাপুরের সঙ্গে চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন শেষে মুম্বাই ফিরেই নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি মুম্বাইয়ের বিখ্যাত হিন্দুজা হাসপাতালের সামনে তাকে দেখা যাওয়ার পর থেকেই বলিপাড়ায় জোর জল্পনা শুরু হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে নেটিজেনরা প্রশ্ন তুলছেন— তবে কি কাপুর পরিবারে আবারও নতুন কোনো অতিথি আসতে চলেছে? আলিয়া কি দ্বিতীয়বার মা হতে চলেছেন?
ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের প্রবেশপথে আলিয়া ভাট ঢিলেঢালা সাদা পোশাকে উপস্থিত হয়েছেন। তার এলোমেলো চুল এবং হাসোজ্জ্বল মুখচ্ছবি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে।
এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। ভক্তদের ধারণা, দীপিকা পাড়ুকোনের মা হওয়ার খবরের রেশ কাটতে না কাটতেই হয়তো আলিয়াও ভক্তদের কোনো নতুন সুখবর দিতে চলেছেন। এই রহস্যময় উপস্থিতি ঘিরেই এখন ভক্তদের মনে কৌতূহল তুঙ্গে।সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ মনে করছেন যে, হয়তো রাহা কাপুরের জন্য খুব শীঘ্রই নতুন কোনো খেলার সঙ্গী আসার সময় হয়েছে।
আবার অনেক ভক্ত আলিয়া কিংবা তার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এই জল্পনা নিয়ে এখন পর্যন্ত আলিয়া ভাট কিংবা রণবীর কাপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি। বিনোদন জগতের তারকাদের ক্ষেত্রে এমন গুঞ্জন নতুন কিছু নয়, তবে হাসপাতালের সামনে অভিনেত্রীর বিশেষ উপস্থিতি সেই ধারণাকে আরও উসকে দিয়েছে।
ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের ভারসাম্য বজায় রাখা আলিয়া ভাট বর্তমানে বেশ কিছু বড় প্রকল্পের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। বর্তমানে তিনি সঞ্জয়লীলা বনসালীর আলোচিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। এই সিনেমাটিতে তার সঙ্গে দেখা যাবে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে। এ ছাড়া আগামী ১০ জুলাই আলিয়া অভিনীত নতুন সিনেমা ‘আলফা’ প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে। সব মিলিয়ে একদিকে ব্যক্তিগত জীবনের গুঞ্জন আর অন্যদিকে পেশাগত ব্যস্ততা— দুইয়ে মিলে আলিয়া এখন বি-টাউনের আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন