মে ২, ২০২৬, ১১:৫৩ এএম
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১ মাস কারাগারে থাকার পর নিজের পরিবর্তনের কথা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ মুক্তি পাওয়ার পর সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জেলজীবনের অভিজ্ঞতা এবং নিজের সৃজনশীল কাজের তথ্য তুলে ধরেন।সিদ্দিক জানান, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর থেকে টানা ১০ মাস ২২ দিন তিনি কারাগারে ছিলেন।
এই দীর্ঘ সময়কে তিনি কেবল বন্দিদশা হিসেবে না দেখে নিজেকে আমূল পরিবর্তনের সুযোগ হিসেবে গ্রহণ করেছেন। অভিনেতা জানান, কারাগারে প্রচুর চিন্তা করার সময় পাওয়া যায় এবং এই অবসরেই তিনি দ্বীনি কাজে লিপ্ত হন। সেখানে নিয়মিত কোরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন তিনি।
কারাগারের দেয়ালের লিখন ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ স্লোগানটি তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন সিদ্দিক। তিনি বলেন, কারা কর্তৃপক্ষ তাঁকে নিরাপদ রেখেছিল এবং তিনি নিজেই নিজের ভেতর থেকে আলোর পথ খুঁজে নিয়েছেন। জেলজীবনে তিনি নিজেকে আমূল বদলে নিয়েছেন যা তাঁর পরবর্তী জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি বিশ্বাস করেন।
বন্দি অবস্থায় নিজের সৃজনশীলতাকেও থামিয়ে রাখেননি এই অভিনেতা। কারাগারে বসেই তিনি ১৫টি নাটক এবং ৩টি চলচ্চিত্রের গল্প লিখেছেন। শুধু তাই নয়, নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছেন তিনি। এই দীর্ঘ বন্দিজীবনে লেখা গল্পগুলো নিয়ে ভবিষ্যতে বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর।
তবে মুক্তি পেলেও এখনো কারাজীবনের সেই মানসিক রেশ বা ‘ট্রমা’ পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি সিদ্দিক। তিনি জানান, শারীরিক ও মানসিকভাবে এখনো তিনি কারাগারের সেই কঠোর নিয়মের মধ্যেই নিজেকে আবিষ্কার করেন। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং জেলে বসে লেখা গল্পগুলো নিয়ে পরবর্তী কাজের জন্য নিজেকে প্রস্তুত করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন