রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক

মে ২, ২০২৬, ১২:৫৩ পিএম

শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর টিজার প্রকাশ

ঢালিউড মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর অফিশিয়াল এনিমেটেড টিজার প্রকাশ করা হয়েছে। শনিবার (২ মে) শাকিব খান তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে টিজারটি শেয়ার করার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।প্রকাশিত টিজারটির শুরুতে একটি সাদা পাখিকে নীল আকাশে উড়তে দেখা যায়। 

তবে বজ্রাঘাতে পাখিটি মাটিতে আছড়ে পড়ার পর সিনেমার গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে এক ছোট বালকের শৈশবের স্মৃতি এবং তার বড় হয়ে কিংবদন্তি রকস্টার হওয়ার স্বপ্ন ফুটিয়ে তোলা হয়েছে। 

টিজারের পরবর্তী অংশে জনবহুল কনসার্টে গিটার হাতে শাকিব খানকে দেখা যায়, যেখানে তাঁর চোখে রোদচশমা ও মুখে সিগারেট রয়েছে।এনিমেটেড দৃশ্যপটের শেষে একটি গাড়ির ওপর গিটার হাতে শুয়ে থাকতে দেখা যায় শাকিব খানকে। এই দৃশ্যটি মূলত তাঁর চরিত্রের বোহেমিয়ান ও ড্যাশিং ইমেজকে উপস্থাপন করেছে। 

রকস্টার’ প্রজেক্টটি নিয়ে দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের মাঝে কৌতূহল ছিল।আজমান রুশোর পরিচালনায় নির্মিতব্য এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূরসহ আরও কয়েকজন অভিনয়শিল্পী। 

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আযহায় সিনেমাটি দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বর্তমানে শাকিব খানের ভক্তরা নতুন এই অবতার ও এনিমেটেড স্টাইলের টিজার নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন।