মে ৩, ২০২৬, ০৬:৩২ পিএম
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আবারও অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (৩ মে) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি তাঁর অসুস্থতার খবর জানান। একই সাথে দ্রুত সুস্থ হয়ে কাজে ফেরার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
তানিয়া বৃষ্টি গত কয়েক মাস ধরে গুরুতর শারীরিক জটিলতায় ভুগছেন। চলতি বছরের শুরুর দিকে তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাঁর প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছিল।
পরে আবারও শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় তাঁর মস্তিষ্কে আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়।চিকিৎসা শেষে দেশে ফিরে তানিয়া বৃষ্টি কিছুটা সুস্থ অনুভব করছিলেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে ছিলেন।
তবে হঠাৎ করে আবার অসুস্থতা বোধ করায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ফেসবুক পোস্টে জানানো হয়েছে, তিনি বর্তমানে চিকিৎসকের নিয়মিত তত্ত্বাবধানে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন।
পোস্টে আরও উল্লেখ করা হয়, পরিস্থিতি নিয়ে ভক্তদের খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই। তবে তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবার শুটিং সেটে ফিরতে পারেন, সেজন্য সবার প্রার্থনা কামনা করেছেন। দীর্ঘ সময়ের এই অসুস্থতা ও দুই দফা অস্ত্রোপচারের ধকল সামলে উঠতে তাঁর আরও কিছুদিন বিশ্রামের প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন