রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

মে ৯, ২০২৬, ০৯:৪৯ পিএম

শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী

হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী অন্বেষা

টালিউডের জনপ্রিয় ধারাবাহিক ‘কম্পাস’-এর শুটিং চলাকালীন অসুস্থ হয়ে অনাগত সন্তান হারিয়েছেন অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়। শুটিং ফ্লোরে ক্যামেরা চলার সময় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা জানান যে তাঁর গর্ভপাত হয়ে গেছে।

অন্বেষা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই গর্ভধারণের বিষয়টি সম্পর্কে তিনি নিজেও আগে থেকে অবগত ছিলেন না। তিনি প্রায় দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শুটিং চলাকালীন হঠাৎ তাঁর পেটে তীব্র ব্যথা শুরু হয় এবং শট দেওয়ার মাঝপথেই এই দুর্ঘটনা ঘটে। অন্বেষার কথায়, পরিস্থিতি এতটাই সংকটাপন্ন ছিল যে তাঁর প্রাণহানির ঝুঁকিও তৈরি হয়েছিল।

চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পর অন্বেষার একটি জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি বিপদমুক্ত থাকলেও অনাগত সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি। এই কঠিন সময়ে অন্বেষার পাশে ছিলেন তাঁর স্বামী এবং শুটিং ইউনিটের সহকর্মীরা। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।

সাক্ষাৎকারে অন্বেষা আরও বলেন, গর্ভধারণের বিষয়টি পুরোপুরি অপরিকল্পিত ছিল। প্রাথমিক পর্যায়ে তিনি শারীরিক পরিবর্তনের কারণ বুঝতে পারেননি। তবে শুটিংয়ের চাপের মধ্যে হঠাৎ এমন শারীরিক বিপর্যয় সামলানো কঠিন হয়ে পড়েছিল। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং পুরোপুরি সুস্থ হওয়ার জন্য বিশ্রাম নিচ্ছেন।

ঘটনার পর ‘কম্পাস’ ধারাবাহিকের শুটিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্বেষার শারীরিক অবস্থাকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সহকর্মীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।