মে ৯, ২০২৬, ১০:৪৮ পিএম
ঢালিউডের কিংবদন্তি নায়ক মান্না ও তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের এক ফ্রেমে তোলা একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার (৯ মে) রাত থেকে এই ছবিটিকে ঘিরে পুরো নেটদুনিয়ায় রীতিমতো চমক সৃষ্টি হয়েছে। দুই ভিন্ন ইন্ডাস্ট্রির দুই মহাতারকাকে একসাথে দেখে ভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা।
ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, নায়ক মান্নার কাঁধে হাত রেখে হাসিমুখে দাঁড়িয়ে আছেন থালাপতি বিজয়। ছবিটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে।
এটি কি সত্যিই দুই তারকার বাস্তব কোনো মুহূর্ত, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি করা কোনো চিত্র—তা নিয়ে চলছে বিশ্লেষণ।সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশ মনে করছেন, ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে।
তাঁদের দাবি, এত বড় দুই তারকাকে আগে কখনও একসাথে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে ছবিটি বাস্তব হওয়ার সম্ভাবনা একবারে উড়িয়ে দিচ্ছেন না। তাঁদের মতে, ছবির প্রেক্ষাপট ও সময়কাল বিশ্লেষণের সুযোগ রয়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৩ থেকে ২০০৪ সালের দিকে নায়ক মান্নার অভিনীত বেশ কয়েকটি সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাইয়ের বিখ্যাত প্রসাদ ল্যাব ও এভিএম স্টুডিওতে সম্পন্ন হয়েছিল।
ওই সময় ‘বাস্তব’, ‘মিনিস্টার’ কিংবা ‘বীর সৈনিক’ সিনেমার কারিগরি কাজ নিয়ে নিয়মিত চেন্নাই যাতায়াত করতেন মান্না।ঠিক একই সময়ে থালাপতি বিজয়ের সিনেমার কাজও চেন্নাইয়ের ওই স্টুডিওগুলোতে চলমান ছিল। ফলে কাজ চলাকালীন দুই তারকার একে অপরের মুখোমুখি হওয়া বা দেখা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র ইতিহাসবিদরা।
এখন পর্যন্ত ছবির সত্যতা নিয়ে কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও মান্না ও বিজয়ের ভক্তরা ছবিটি শেয়ার করে নিজেদের আবেগ প্রকাশ করছেন। ঢালিউড ও দক্ষিণী সিনেমার এই দুই জনপ্রিয় মুখের এমন বিরল ফ্রেমটি বর্তমানে আলোচনার শীর্ষে অবস্থান করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন