রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বদলে যাওয়া ঢালিউড সুন্দরী পূর্ণিমা

বিনোদন ডেস্ক

মে ১১, ২০২৬, ০৯:৪৮ পিএম

বদলে যাওয়া ঢালিউড সুন্দরী পূর্ণিমা

ঢালিউডের রুপালি পর্দায় কয়েক দশক ধরে নিজের জনপ্রিয়তা ও সৌন্দর্য বজায় রেখেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজেকে ভিন্ন ভিন্ন রূপে উপস্থাপন করে তিনি বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গাঢ় সবুজ রঙের জমকালো পোশাকে কিছু ছবি শেয়ার করে নতুন করে নজর কেড়েছেন এই অভিনেত্রী।

চিত্রনায়িকা পূর্ণিমা সম্প্রতি একটি প্রামাণ্যচিত্রের শুটিং শেষ করেছেন। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান মানবসুর উন্নয়ন সংস্থা (মাউস)-এর প্রযোজনায় নির্মিত এই প্রামাণ্যচিত্রটির নাম ‘অস্তিত্বের লড়াই’। 

এটি পরিচালনা করেছেন ‘প্রেমের তাজমহল’ খ্যাত নির্মাতা গাজী মাহবুব। প্রামাণ্যচিত্রটির গল্প আবর্তিত হয়েছে ১৯৭০ সালে ভোলায় ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এবং বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে কেন্দ্র করে। জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচিতে এটি প্রদর্শিত হবে বলে জানা গেছে।

ক্যারিয়ারের শুরু থেকে পূর্ণিমা দর্শকদের অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে। তবে রিয়াজের সাথে তার জুটি ছিল সবচেয়ে বেশি জনপ্রিয়। ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’র মতো ব্যবসাসফল সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে।অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১০ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। সিনেমার পাশাপাশি ছোটপর্দায় নাটক ও টেলিফিল্মেও তাকে নিয়মিত দেখা গেছে। 

বিশেষ করে ‘লাল নীল বেগুনী’ ধারাবাহিকটি তাকে ঘরোয়া দর্শকদের কাছে পরিচিত করে তোলে। এ ছাড়া গ্রামীণফোন, মেরিলসহ বহু জনপ্রিয় ব্র্যান্ডের মডেল হিসেবেও তিনি সমান সফল।ব্যক্তিজীবনে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম নেওয়া এই অভিনেত্রীর কৈশোর কেটেছে ঢাকায়। বর্তমানে তিনি আশফাকুর রহমান রবিনের সাথে নতুন করে সংসার শুরু করেছেন। সিনেমায় এখন আগের মতো নিয়মিত না হলেও তার অভিনীত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমা দুটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ফেরদৌস ও আরেফিন শুভ। বর্তমানে পূর্ণিমাকে মাঝেমধ্যে টেলিভিশনের রিয়ালিটি শোয়ের বিচারক বা বিজ্ঞাপনে দেখা যাচ্ছে।