মে ২৫, ২০২৬, ১১:০৭ পিএম
বলিউড সিনেমা ‘ডন ৩’ প্রকল্প থেকে সরে দাঁড়ানোয় অভিনেতা রণবীর সিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)। শুটিং শুরুর মাত্র ১০ দিন আগে সিনেমাটি ছেড়ে দেওয়ায় নির্মাতা ফারহান আখতারের সঙ্গে তার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
পরবর্তীতে প্রযোজনা সংস্থার অভিযোগের ভিত্তিতে সংস্থাটি এই সিদ্ধান্ত গ্রহণ করে।রণবীরের বিরুদ্ধে এই সংস্থাটি অসহযোগ নির্দেশিকা জারি করেছে।
ইন্ডাস্ট্রিতে রণবীরের ওপর আপাতত কাজ করার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এফডব্লিউআইসিই জানিয়েছে, ডন ৩ নির্মাণে ৪৫ কোটি টাকার যে ক্ষতি হয়েছে, তা সমাধান না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সংগঠনটির পক্ষ থেকে একাধিকবার আলোচনার জন্য ডাকা হলেও রণবীর তাতে সাড়া দেননি বলে দাবি করা হয়েছে।
নিষেধাজ্ঞার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেতা।রণবীরের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি এই ফ্র্যাঞ্চাইজির সবার প্রতি পূর্ণ সম্মান পোষণ করেন। ব্যক্তিগত সমীকরণ ও পেশাদার আলোচনাগুলো শ্রদ্ধার সঙ্গে মোকাবিলা করাই তিনি শ্রেয় মনে করেন।
তিনি জল্পনা-কল্পনায় সাড়া না দিয়ে নিজের কাজের দিকে মনোযোগ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ডন ৩-এর সাফল্য কামনা করে বিবৃতিতে সংযম ও সৌজন্যতা বজায় রাখার অঙ্গীকার করা হয়েছে।রণবীরের পরবর্তী সিনেমার প্রতিশ্রুতিগুলোতে মনোযোগ রয়েছে বলে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন