শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,

বন্যার্তদের আর্তনাদ নিয়ে রোকনুজ্জামানের নতুন গজল প্রকাশ

বিনোদন ডেস্ক

জুলাই ১৫, ২০২৬, ১১:০৬ পিএম

বন্যাদুর্গত মানুষের হাহাকার ও সর্বস্ব হারানোর বেদনা নিয়ে নতুন একটি ইসলামিক সংগীত প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান নাশিদ ফিল্ম। ‍‍`এইখানেতে ছিল আমার‍‍` শিরোনামের এই গজলটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী রোকনুজ্জামান।গানটির কথা ও সুরও তিনি নিজেই করেছেন।

সম্প্রতি নাশিদ ফিল্মের অফিশিয়াল চ্যানেলে গজলটি অবমুক্ত করা হয়েছে। তিন মিনিট ১২ সেকেন্ড দৈর্ঘ্যের এই সংগীতে মূলত বন্যার ভয়াবহতা এবং এক মুহূর্তের মধ্যে মানুষের সাজানো সংসার তছনছ হয়ে যাওয়ার চিত্র ফুটে উঠেছে। গানে বলা হয়েছে, "এইখানেতে ছিল আমার ভালোবাসার ঘর, এক পলকে সবকিছু আজ হয়ে গেল পর।"

প্রাকৃতিক দুর্যোগে মানুষের অসহায়ত্ব এবং বেঁচে থাকার সংগ্রামকে অত্যন্ত আবেগময় ভাষায় তুলে ধরেছেন গীতিকার। প্রিয়জনকে হারানোর বেদনা এবং বেঁচে থাকার স্বপ্ন কীভাবে নদীর জলে ভেসে যায়, সেই করুণ পরিণতি এই নাশিদের মূল বিষয়।

তথ্যসূত্র: নাশিদ ফিল্ম