রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নেপালের পোখারায় শুরু হলো অপু বিশ্বাসের ‍‍`শিকার‍‍` সিনেমার শুটিং

বিনোদন ডেস্ক

আগস্ট ১০, ২০২৬, ১১:৫৬ পিএম

নেপালের পোখারায় শুরু হলো অপু বিশ্বাসের ‍‍`শিকার‍‍` সিনেমার শুটিং

ছবি : সংগৃহীত

উঁচু পাহাড়, বিশাল পর্বতশ্রেণি আর নীল আকাশের চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নেপালের পোখারায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিং। ক্যামেরা চালু করার আগে ঐতিহ্যবাহী রীতি মেনে মহরতের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। সিনেমার প্রধান অভিনেতা মুর্তজা পলাশ মঙ্গল কামনায় দোয়া করেন এবং অভিনেতা শ্যাম ভট্টাচার্য নারিকেল ভেঙে এর শুভ সূচনা করেন।

কামরুজ্জামান রোমান পরিচালিত ও রেজা ফিল্ম প্রযোজিত এই চলচ্চিত্রের প্রথম দিনের দৃশ্যধারণে অংশ নেন অপু বিশ্বাস, মুর্তজা পলাশ, বড়দা মিঠু, কলকাতার অভিনেতা রজতাভ দত্ত এবং শ্যাম ভট্টাচার্য।বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী ও কলাকুশলীদের সমন্বয়ে বৃহৎ পরিসরে নির্মিত হচ্ছে এই আন্তর্জাতিক প্রজেক্টটি। 

চিত্রনাট্যের বৈচিত্র্য ও অভিনয়ের সুযোগ থাকায় এই কাজটি তাকে শুরুতেই আকৃষ্ট করেছিল বলে জানিয়েছেন অপু বিশ্বাস। নতুন নায়ক মুর্তজা পলাশের বড় পর্দায় অভিষেক নিয়েও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। আগামী ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নাটকে অভিনয়ের দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও ‘শিকার’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় পা রাখছেন মুর্তজা পলাশ। নিজের চরিত্রটিকে ফুটিয়ে তুলতে তিনি দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছেন। পরিচালক সূত্রে জানা গেছে, নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে প্রায় এক মাস ধরে একটানা এই চলচ্চিত্রের দৃশ্যধারণ চলবে।