শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর সম্পদের হিসাব অনুসন্ধানে দুদকের আবেদন

বিনোদন ডেস্ক

আগস্ট ১১, ২০২৬, ১১:৩৫ এএম

অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর সম্পদের হিসাব অনুসন্ধানে দুদকের আবেদন

ছবি : সংগৃহীত

অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর আয়ের উৎস এবং সম্পদের সঠিক হিসাব অনুসন্ধানের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর একটি আবেদন জমা দেওয়া হয়েছে। মিরপুরের এক বাসিন্দার পক্ষ থেকে রোববার এই আবেদনটি দায়ের করা হয়। এতে মডেল ও অভিনেত্রী স্নিগ্ধার জীবনযাপন এবং ব্যবহৃত বিলাসবহুল সম্পদের উৎস নিয়ে বিস্তর অভিযোগ তোলা হয়েছে।

আবেদনকারীর দাবি, অভিনেত্রীর দৃশ্যমান আয়ের তুলনায় তার জীবনযাত্রার মান অস্বাভাবিকভাবে উচ্চ।আবেদনপত্রে অভিযোগ করা হয়েছে, মডেলিং ও অভিনয়ের পাশাপাশি কয়েকটি র‍্যাম্প শোতে কাজ করলেও, তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা খুবই সীমিত। 

এর মধ্যে একটি সিনেমা এখনো মুক্তি পায়নি। এত সীমিত কাজের সুযোগ সত্ত্বেও তিনি ব্যয়বহুল গাড়ি এবং বিলাসবহুল বাসস্থান ব্যবহার করছেন বলে আবেদনে দাবি করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং, মাদক ও চোরাচালানের মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে।

অভিনেত্রী নিজে একটি ভিডিও বার্তায় তার ব্যক্তিগত নিরাপত্তা, দামী গাড়ি এবং প্রভাবশালী প্রেমিকের বিষয়ে যেসব মন্তব্য করেছেন, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন আবেদনকারী। এসব তথ্যের ভিত্তিতে স্নিগ্ধা চৌধুরীর সম্পদের উৎস, আয়ের বৈধতা এবং কোনো ধরনের প্রভাবক শক্তি কাজ করছে কি না — তা দুদককে অনুসন্ধানের মাধ্যমে খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে।