আগস্ট ২০, ২০২৬, ১২:০০ এএম
নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের কালজয়ী নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে এই মামলার অন্যতম অভিযুক্ত অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর বিচারের দাবিতে সোচ্চার হয়েছে সালমান শাহর পরিবার ও ভক্তরা। এই প্রেক্ষাপটে লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন প্রয়াত নায়কের মা নীলা চৌধুরী।
লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে নীলা চৌধুরী সরাসরি অভিযোগ করেন যে, এই মামলার অন্যতম আসামি এবং সালমানের সাবেক স্ত্রী সামিরা অভিযুক্ত। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সামিরা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন এবং তার উপযুক্ত বিচার হওয়া উচিত।
দীর্ঘ তিন দশক আগের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, নব্বইয়ের দশকে সালমান মারা যাওয়ার পর মামলা তুলে নিতে তাকে শত কোটি টাকার প্রলোভন ও নানা ধরনের হুমকি দেওয়া হয়েছিল। তৎকালীন সময়ে প্রভাবশালী মহলের নানা চাপের মুখেও তিনি আপস করেননি বলে উল্লেখ করেন। এছাড়া জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমানের প্রেমের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি।
নীলা চৌধুরী জানান, সালমানের কোনো বোন না থাকায় তিনি শাবনূরকে ছোট বোনের মতোই স্নেহ করতেন এবং তাদের সম্পর্ক ছিল সম্পূর্ণ পেশাগত। ১৯৯৬ সালের ছয় সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়।দীর্ঘ তিন দশক ধরে মামলার আইনি প্রক্রিয়া ও তদন্তের নানা মোড় পরিবর্তন হলেও এই মৃত্যুর সঠিক কারণ ও বিচার এখনো অধরা রয়েছে। সাম্প্রতিক সময়ে মামলার নতুন অগ্রগতি এবং পরিবারের এই জোরালো দাবিতে চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন