বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষায় ঢালিউড অভিনেতা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৬, ০৭:৪৭ পিএম

কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষায় ঢালিউড অভিনেতা

ছবি : সংগৃহীত

শারীরিক নানা অসুস্থতার কারণে চলচ্চিত্র জগতকে চিরতরে বিদায় জানিয়েছেন ঢালিউডের প্রবীণ কৌতুক অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা নাদির খান। প্রায় দুই দশক আগে ঢাকার রায়েরবাজারের প্রেমতলায় নিজের শেষ ঠিকানা নির্ধারণ করে রেখেছিলেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে জীবনের শেষ দিনগুলোতে পরম মমতায় নিজ হাতে নিজের সেই ভবিষ্যৎ সমাধি পরিষ্কার-পরিচ্ছন্ন করে সময় পার করছেন এই অভিনেতা।

রূপালি পর্দা থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছেন তিনি। মৃত্যুভয় নেই উল্লেখ করে নাদির খান জানান, তিনি কোনো সাধক বা পীর নন, একজন অত্যন্ত সাধারণ মানুষ। মৃত্যুর পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা যেন তার সমাধিতে কোনো মাজার তৈরি না করেন, সে বিষয়ে স্পষ্ট অনুরোধ জানিয়েছেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে চলাফেরায় কোনো ভুলত্রুটি হয়ে থাকলে চলচ্চিত্র পরিবার ও দেশবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন এই প্রবীণ শিল্পী। 

বাকি জীবনটা কেবল সৃষ্টিকর্তার ইবাদতে কাটিয়ে দেওয়ার সংকল্প ব্যক্ত করেছেন তিনি। জীবনের অর্জনের পেছনে মায়ের অবদানের কথা গভীরভাবে স্মরণ করেন এই মুক্তিযোদ্ধা। তিনি মনে করেন, পৃথিবীতে মায়ের প্রতি ভালোবাসাই সবচেয়ে বড় দায়িত্ব এবং মায়ের দোয়ার কারণেই তিনি এত দূর আসতে পেরেছেন। মৃত্যুর পর তার মরদেহ যেন প্রথমে প্রিয় কর্মস্থল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়, সেটিই তার অন্যতম শেষ ইচ্ছা। 

দীর্ঘ কর্মজীবনের সহকর্মীরা যেন শেষবারের মতো তাকে দেখে আত্মার মাগফিরাত কামনা করতে পারেন, সেই আকুতি জানান তিনি। ১৯৫২ সালের ৪ নভেম্বর জন্ম নেওয়া নাদির খান সাড়ে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা ও পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন।