সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৩:২২ পিএম
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় রোমান্টিক জুটি ছিলেন সালমান শাহ ও শাবনূর। নব্বইয়ের দশকে রূপালি পর্দায় তাঁদের রসায়ন যেমন দর্শকপ্রিয়তা পেয়েছিল, তেমনি একসময় বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল। তৎকালীন সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় তাঁদের বিয়ের খবরও প্রকাশিত হয়। সেই গুঞ্জন নিয়ে এক ঐতিহাসিক সংবাদ সম্মেলনে অবস্থান পরিষ্কার করেছিলেন নায়ক সালমান শাহ।
১৯৯৬ সালের ১৯ জুলাই রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাবা এ কিউ চৌধুরী। প্রযোজক সমিতির নিষেধাজ্ঞা ও অন্যান্য নানা অভিযোগের ব্যাপারে অবস্থান জানানোর পাশাপাশি শাবনূরকে জড়িয়ে ছড়ানো বিয়ের খবর প্রসঙ্গে সরাসরি কথা বলেন এই চিত্রনায়ক। তিনি সে সময় স্পষ্ট জানান যে শাবনূরকে তিনি ছোট বোনের মতো স্নেহ করেন এবং নিজে পূর্ব থেকেই বিবাহিত।
ছেলের বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করে সালমান শাহের বাবা এ কিউ চৌধুরীও সে সময় বক্তব্য রাখেন। তিনি দাবি করেছিলেন যে নিজের সন্তানকে তিনি ভালোভাবে চেনেন এবং সালমান কখনোই এমন অন্যায় আচরণ করতে পারেন না। পুরো ঘটনাটিকে একটি সুপরিকল্পিত চক্রান্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেছিলেন যে তাদের পারিবারিক সুনাম ক্ষুণ্ণ করতে কেউ ষড়যন্ত্রে নেমেছে।
এর আগে একই বছরের এপ্রিল মাসে একটি মন্তব্যকে কেন্দ্র করে প্রযোজক সমিতি সালমান শাহকে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন