সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৬:০৩ পিএম
আয়ুষ্মান খুরানা ও তাহিরা কশ্যপের সম্পর্ক কেবল রূপালি পর্দার কোনো রোমান্টিক গল্প নয়, বরং কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে একসঙ্গে পথচলার এক অনুপম দৃষ্টান্ত। ভারতের চণ্ডীগড়ে দ্বাদশ শ্রেণিতে পদার্থবিজ্ঞান পড়ার সময় এই দুজনের প্রথম পরিচয় হয়। তৎকালীন সময়ে চোখে চশমা আর দাঁতে ব্রেস পরা আয়ুষ্মান নিজেকে নিয়ে তীব্র হীনম্মন্যতায় ভুগতেন এবং তাহিরার যোগ্য ভাবতেন না।
একটি পারিবারিক ডিনারেই তাদের জীবনের মোড় ঘুরে যায়।

সেদিন বন্ধুদের সামনে আয়ুষ্মানের গান, রসবোধ ও ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হন তাহিরা। উনিশ বছর বয়সে তারা একসঙ্গে চণ্ডীগড়ের `মঞ্চ মন্ত্রা` নামের একটি নাট্যদলে যোগ দেন। তাহিরার লেখা প্রথম নাটক প্রযোজনা দিয়ে তাদের পথচলা শুরু হয় এবং ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। টানা আট বছর চুটিয়ে প্রেম করার পর ২০০৮ সালের ১ নভেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিয়ের চার বছর পর ২০১২ সালের ২ জানুয়ারি এই দম্পতির কোল আলো করে আসে প্রথম সন্তান বিরাজবীর খুরানা। পরবর্তীতে ২০১৪ সালের ২১ এপ্রিল জন্ম নেয় তাদের কন্যাসন্তান বরুষ্কা খুরানা। বছরের অর্ধেকের বেশি সময় শুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় আয়ুষ্মান সন্তানদের সাথে কড়া হতে পারেন না বলে নিজেকে মজা করে `গুড কপ` এবং তাহিরাকে `ব্যাড কপ` বলে পরিচয় দেন। বিশেষ করে কন্যা বরুষ্কার প্রতি তাঁর দুর্বলতা একটু বেশি।

পারিবারিক আবহে বাবার বাঁশি আর দাদির গান শুনে বড় হওয়ায় সংগীত আয়ুষ্মানের রক্তে মিশে আছে। স্কুলজীবনে তিনি `গ্র্যাভিটি` নামের ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তী সময়ে নিজের ব্যান্ড `আয়ুষ্মান ভাবা` নিয়ে মঞ্চে সরাসরি কনসার্ট পরিবেশন করেন। এ ছাড়া তিনি নিয়মিত হিন্দি ও উর্দুতে কবিতা লেখেন এবং সাথে সবসময় একটি ব্যক্তিগত ডায়েরি রাখেন। বই পড়া, গিটার বাজানো ও ক্রিকেট খেলার পাশাপাশি তাহিরার উৎসাহে তিনি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিয়ম করে দশ মিনিট ধ্যান করেন।
২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর এই দম্পতির জীবনে এক চরম দুর্যোগ নেমে আসে।
সেদিন ছিল আয়ুষ্মানের জন্মদিন, আর ঠিক সেই দিনেই হাসপাতালে পরীক্ষার পর তাহিরার স্তন ক্যানসার ধরা পড়ে। এমন সংবাদের পর ভেঙে না পড়ে তারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেন মন খারাপ না করে ইতিবাচক শক্তিতে এই রোগের মোকাবিলা করবেন। হাসপাতাল থেকে ফিরে সেদিনই তারা প্রেক্ষাগৃহে গিয়ে `মানমারজিয়া` সিনেমা দেখেন এবং একই সাথে ম্যাসটেকটমি অস্ত্রোপচার ও কেমোথেরাপির দিনক্ষণ চূড়ান্ত করেন। সেই কঠিন যুদ্ধে জয়ী হয়ে ২০১৯ সালের জানুয়ারিতে ক্যানসারমুক্ত হন তাহিরা।

অভিনেতা শাহরুখ খানকে আদর্শ মেনে একসময় গণযোগাযোগ ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছিলেন আয়ুষ্মান। পড়াশোনা শেষে তিনি রেডিও জকি হিসেবে কর্মজীবন শুরু করেন এবং এমটিভির জনপ্রিয় প্রতিযোগিতা `রোডিস`-এর দ্বিতীয় মৌসুমে চ্যাম্পিয়ন হন। পরবর্তীতে উপস্থাপনা ছেড়ে অভিনয়ে এসে `ভিকি ডোনার`, `শুভ মঙ্গল সাবধান`, `আর্টিকেল ১৫` ও `বালা`-র মতো সামাজিক ট্যাবু ভাঙা সাহসী চলচ্চিত্রে অভিনয় করে বলিউডে এক নিজস্ব ধারা তৈরি করেন। বর্তমানে তাঁর আনুমানিক মোট সম্পদের পরিমাণ আশি থেকে একশ কোটি রুপি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন