রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র

জাতীয় ডেস্ক

মে ১৮, ২০২৬, ০৯:২৯ পিএম

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র

আসন্ন ঈদুল আজহার ছুটি উপলক্ষে এবার সংবাদপত্রে পাঁচ দিন ছুটি থাকবে বলে জানানো হয়েছে। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সোমবার এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে। সংগঠনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ থেকে ৩০ মে পর্যন্ত সংবাদপত্রের ছুটি উদ্‌যাপন করা হবে।

এর ফলে আগামী ২৭ থেকে ৩১ মে পর্যন্ত সারা দেশে কোনো দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না।এদিকে পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটির ঘোষণা দিয়েছে সরকার। গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। 

নতুন এই সিদ্ধান্তের কারণে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে এই দীর্ঘ ছুটি সমন্বয় করতে আগামী ২৩ ও ২৪ মে শনি ও রোববার অফিস খোলা রাখার আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাহী আদেশে ২৫ মে ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা দিয়েছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের দীর্ঘ সময় কাটানোর বড় সুযোগ তৈরি হওয়ায় অনেকেই আগেভাগেই রাজধানী ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস,ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবাসহ জনজীবনের গুরুত্বপূর্ণ খাতগুলো যথারীতি চালু থাকবে।

এ ছাড়া চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও এই ছুটির আওতামুক্ত থাকবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন ইতোমধ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। দীর্ঘ এই ছুটিকে কেন্দ্র করে সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রার প্রস্তুতিও প্রশাসনের পক্ষ থেকে জোরদার করা হচ্ছে।