সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০১:৪৮ পিএম
জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুরহস্য নিয়ে চলা বিতর্কের মাঝে ফের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আসাম সরকার। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে তার আকস্মিক মৃত্যু হয়।
এই ঘটনায় বিভিন্ন মহলে সন্দেহ ও প্রশ্ন দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জুবিন গর্গের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, জুবিন নাকি পানিকে ভয় পেতেন, তাহলে কেন তিনি স্কুবা ডাইভিং করতে গেলেন? তাকে কি কেউ বাধ্য করেছিল?
স্কুবা ডাইভিংয়ের ভিডিও ছড়িয়ে পড়ার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। এই ঘটনায় তার ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও পরে তা তুলে নেওয়ার আবেদন করা হয়।
আসামের মুখ্যমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, প্রিয় গায়কের মৃত্যু নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। সেই কারণেই দ্বিতীয়বার ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও তিনি ব্যক্তিগতভাবে এর বিরোধী।
মুখ্যমন্ত্রী আরও জানান, এই সিদ্ধান্ত রাজনৈতিক বিতর্ক এড়ানোর জন্য নেওয়া হয়েছে এবং এতে জুবিনের পরিবারের সম্মতি রয়েছে। দ্বিতীয়বার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরই তার শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন