অক্টোবর ১১, ২০২৫, ০৩:৪৯ পিএম
দক্ষিণ ভারতের মহাতারকা ও রাজনীতিবিদ ‘থালাপতি’ বিজয়কে বোমা মেরে তার বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) একটি বেনামী ই-মেইলের মাধ্যমে চেন্নাই পুলিশ কন্ট্রোল রুমে এই হুমকি পাঠানো হয়, যা নিয়ে তামিলনাড়ুর বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চেন্নাই পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড এবং স্নিফার ডগ ইউনিট বিজয়ের চেন্নাইয়ের নীলাঙ্কারাই এলাকার বাসভবনে পৌঁছায়। পুরো বাড়ি ও আশপাশের এলাকা ঘিরে ফেলে কয়েক ঘণ্টা ধরে ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে দীর্ঘ তল্লাশির পরও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পুলিশ নিশ্চিত করেছে, হুমকিটি সম্পূর্ণ ভুয়া ছিল।
চেন্নাই পুলিশের সাইবার ক্রাইম শাখা এই ঘটনার তদন্ত শুরু করেছে। এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হুমকিটি একটি বেনামী ই-মেইল থেকে পাঠানো হয়েছে, যাতে একাধিক স্তরের ভিপিএন (VPN) ব্যবহার করা হয়েছে। এর ফলে প্রেরকের অবস্থান শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়েছে।যদিও হুমকিটি ভুয়া প্রমাণিত হয়েছে, প্রশাসন বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না।
এই ঘটনার পর থালাপতি বিজয়ের বাড়ির বাইরে নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।উল্লেখ্য, সম্প্রতি রাজনীতিতে প্রবেশের পর থেকেই বিজয়কে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কিছুদিন আগেই তার একটি রাজনৈতিক জনসভায় পদদলিত হয়ে বেশ কয়েকজনের মর্মান্তমান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই রেশ কাটতে না কাটতেই এই বোমা হামলার হুমকি নতুন করে উত্তেজনা তৈরি করল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন