রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হিজাব কটাক্ষ চবিতে রাবি শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৫, ১০:৪৭ পিএম

হিজাব কটাক্ষ চবিতে রাবি শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হিজাব নিয়ে কটাক্ষ করার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন করেছেন নারী শিক্ষার্থীরা।মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের নারী শিক্ষার্থী’ ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজয়ী হিজাব পরিহিত ছাত্রীদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন রাবি শিক্ষক আবদুল্লাহ আল মামুন। শুধু তাই নয়, তিনি ক্লাসরুমেও হিজাব পরিহিত ছাত্রীদের কটাক্ষ করে নিজে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে এবং মদ হাতে ক্লাসে আসার হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে।

মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা বলেন, ‘তার (আবদুল্লাহ আল মামুন) এই বক্তব্য ধর্মীয় অনুশাসন ও দেশের আইনের পরিপন্থী। আমরা তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে প্রতিবাদ জানাচ্ছি এরকম মানসিকতার সেইসব শিক্ষকের কাজকে, যারা অনবরত হিজাবকে কটাক্ষ করে আসছেন।’

চাকসুর সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত বলেন, ‘একজন শিক্ষক, যিনি সমাজের পথপ্রদর্শক হওয়ার কথা, তিনি যখন নারীদের পোশাক নিয়ে বিদ্রূপ করেন, তখন তা একটি পুরো শ্রেণিকে, একটি পরিচয়কে, একটি বিশ্বাসকে অপমানিত করে। আজকের এই প্রতিবাদ কেবল একজন শিক্ষকের শাস্তির দাবিতে নয়, আমাদের প্রতিবাদ সেই মানসিকতার বিরুদ্ধে, যা একজন শিক্ষকের কণ্ঠে বিদ্বেষ জাগায় এবং শিক্ষাঙ্গনকে বৈষম্যের জায়গায় পরিণত করে।’

চাকসুর সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকের মন্তব্য নারীর প্রতি অবমাননা এবং নারীর মর্যাদাকে ক্ষুণ্ণ করে। তিনি পোশাকের স্বাধীনতা চেয়েছেন, অথচ একজন শিক্ষার্থীর বোরকা পরার যে স্বাধীনতা, তা তিনি মানতে পারছেন না। আমরা মনে করি, এরকম দ্বিচারিতামূলক আচরণ শিক্ষাঙ্গনে ভারসাম্য নষ্ট করে।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নাজিফা তাসফিয়াহ, বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক নিশাত সালসাবিল শিকদার এবং ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাওফিকা রহমানসহ বিভিন্ন হলের প্রতিনিধি ও সাধারণ নারী শিক্ষার্থীরা। তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।