নভেম্বর ৯, ২০২৬, ১২:২৩ পিএম
আজ সোমবার বিশ্ব এতিম শিশু দিবস। বিশ্বের কোটি কোটি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর অধিকার, সুরক্ষা, শিক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর নভেম্বর মাসের দ্বিতীয় সোমবার দিবসটি পালন করা হয়। এ বছরের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘এতিমদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’।
দিবসটির মূল লক্ষ্য হলো বিশ্বজুড়ে এতিম শিশুদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তাদের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা। বিশেষ করে শিশুদের শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি এতিমখানায় পুষ্টিকর খাবার, পোশাক, বই-খাতা ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ও ভাষা দক্ষতা অর্জনের মতো যুগোপযোগী উদ্যোগ গ্রহণের ওপরও জোর দেওয়া হচ্ছে।
বাংলাদেশেও এতিম শিশুদের কল্যাণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতিম ও দুস্থ মানুষের কল্যাণে বর্তমান সরকার সর্বাত্মক কাজ করে যাবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, এতিমদের দায়িত্ব সরকারের। এই দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছে এবং এতিম ও দুস্থ মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অনাথ ও এতিমদের জন্য কল্যাণমূলক কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হচ্ছে।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, এতিম ও দুস্থদের কল্যাণে শুধু সরকারের এক পক্ষে সব করা সম্ভব নয়, এর পাশাপাশি সমাজের ধনী ও বিত্তশালী ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই কেবল অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।
এদিকে দেশের বেসরকারি এতিমখানার শিশুদের খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তির সরকারি ভাতা হিসেবে একশো চল্লিশ কোটি এগারো লাখ আট হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনের পর দেশের চৌষট্টি জেলার চার হাজার দুইশো নয়টি বেসরকারি এতিমখানার এক লাখ ষোলো হাজার সাতশো উনপঞ্চাশ জন এতিম শিশুর অনুকূলে এই অর্থ মঞ্জুর করা হয়েছে।
বিশ্ব এতিম শিশু দিবসের এই আয়োজনে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা, জীবনমান উন্নয়ন এবং তাদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন