মে ১, ২০২৬, ০৫:০৭ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৮৫ শিশু। শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১১৫ শিশুর।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৪৬ জনে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে।
অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩১ জনে। আক্রান্ত শিশুদের অধিকাংশই বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ৫ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কার্যক্রম শুরু হয়।
পরবর্তীতে ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল সিটি এলাকায় এবং ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে হামের টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে।স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত টিকাদানের পাশাপাশি বিশেষ কেন্দ্রগুলোর মাধ্যমে টিকার আওতা বাড়ানো হচ্ছে। মা-বাবাদের নিকটবর্তী কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে দেশের শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন