মে ৭, ২০২৬, ০৪:৪৮ পিএম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ১ হাজার ৫২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন এবং বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সরাসরি হাম আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৬ জনের হাম শনাক্ত হয়েছে। এর পাশাপাশি আরও ১ হাজার ২৩৮ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৪৫ হাজার ৪৯৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ৬ হাজার ২০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩১ হাজার ৯১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসাধীনদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৮ হাজার ২৩৮ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে আরও অনেক রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত একদিনে আক্রান্তদের মধ্যে বড় একটি অংশ ঢাকা বিভাগের। বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর হার বিশ্লেষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর থেকে নিয়মিত এই প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন