বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

অতিরিক্ত লেবু পানি পানে হতে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি

স্বাস্থ্য ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৬, ০৮:৪৫ পিএম

অতিরিক্ত লেবু পানি পানে হতে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি

সকালে গরম পানিতে লেবু মিশিয়ে পান করা অনেকের দৈনন্দিন রুটিনের অংশ। তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। পুষ্টিবিদ ও বিশেষজ্ঞদের মতে, লেবুর পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করলেও অতিরিক্ত মাত্রায় পান করলে তা উপকারের চেয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

অতিরিক্ত মাত্রায় লেবুর রস পান করলে দাঁত ও পরিপাকতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, প্রতি একশ গ্রাম লেবুতে প্রায় তোনান্ন মিলিগ্রাম ভিটামিন সি থাকে, যা শরীরের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে। তবে লেবুর পানি পান করলেই শরীর দ্রুত বিষমুক্ত হয় কিংবা ওজন কমে যায়—এমন ধারণা পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছেন ভিয়েতনামের মিলিটারি হাসপাতালের পুষ্টি বিভাগের উপপ্রধান ড. বুই থি দুয়েন। 

তিনি উল্লেখ করেন, সকালে লেবু পানি পানের মূল উপকারিতা হলো এটি ঘুমের পর শরীরের পানির ঘাটতি পূরণ করে। অতিরিক্ত লেবু পানি পানের ফলে দাঁতের এনামেল ক্ষয় হতে পারে, কারণ লেবু অত্যন্ত অম্লীয়। আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন এ বিষয়ে সতর্ক করে জানিয়েছে, অতিরিক্ত অ্যাসিডযুক্ত পানীয় দাঁতের সুরক্ষাকে দুর্বল করে দেয়। এ ছাড়া যারা গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিড রিফ্লাক্সে ভোগেন, খালি পেটে লেবুর রস খেলে তাদের বুক জ্বালাপোড়া ও পাকস্থলীর অস্বস্তি আরও বাড়তে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ হলো, ঘন ঘন লেবুর রস না খেয়ে অর্ধেক লেবুর রস দুই থেকে তিনশ মিলিলিটার পানির সঙ্গে মিশিয়ে পান করা উচিত। দ্রুত ওজন কমাতে কেবল লেবু পানির ওপর নির্ভর না করে সুষম খাদ্য ও স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা জরুরি।